আইএসপিএবি’র কার্য নির্বাহী কমিটির ভোট শুরু

১৬ মার্চ, ২০২৪ ১১:২৭  

শনিবার সকাল ১০টা ২০ মিনিট থেকে শুরু হয়েছে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি’র ২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের দ্বিতীয় তলায় ১২টি বুথে নেয়া হচ্ছে ভোট। ভোট চলার কথা বিকেল ৪টা পর্যন্ত। প্রথম ঘণ্টায় সাধারণের ২৭ এবং সহযোগিতে ৫৯টি ভোট জমা পড়েছে।

নির্বাচন বোর্ড চেয়ারম্যান নজরুল ইসলাম বাবু এই ঘোষণা দেন। এসময় অপর দুই নির্বাচন কমিশনার আব্দুল্লাহ এইচ কাফী এবং  বীরেন্দ্র নাথ অধিকারী উপস্থিত ছিলেন। পর্যবেক্ষক হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

প্রার্থীদের উদ্দেশে দেয়া বক্তব্যে তিনি নিজেদের ইমেজ রক্ষায় আচরণ বিধি মেনে ভোট কার্যক্রম চালাতে নির্বাচন কমিশনকে সহযোগিতা করার অনুরোধ করেন।

প্রসঙ্গত, আইএসপিএবি’র ৩৯৯ জন সাধারণ এবং ১৬০৪ জন সহযোগী সদস্য রয়েছেন। এরমধ্যে সাধারণ ক্যাটাগরিতে ভোটার ২৫০ জন। এখানে ৯ পদে প্রার্থী ১৪ জন। অপরদিকি সহযোগী সদস্যদের ৪ পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ১১ জন। ভোটাধিকার প্রয়োগ করবেন ৭৫৬ ভোটার। ভোটে নির্বাচিত ১৩ সদস্যকে নিয়ে আগামী ১৮ মার্চ (রবিবার) হবে কার্যনির্বাহী পরিষদের (ইসি) পদ বণ্টন।

এবারের ভোটে সাধারণ ক্যাটাগরিতে ৯ পদের প্রার্থীরা হলেন-আইসিসি কমিউনিকেশন লিমিটেডের সাইফুল ইসলাম সিদ্দিক,রেড ডাটা (প্রা:) লিমিটেডের মঈন উদ্দিন আহমেদ, এক্সোর্ড অনলাইনের সাব্বির আহমেদ, বাংলানেট টেকনলোজিস লিঃ এর মোঃ জোবায়ের আল মাহমুদ হোসাইন, ঢাকা টেক আইটি লিমিটেড এর আশরাফ উদ্দিন, অপটিম্যাক্স কমিউনিকেশনের মো. ইমদাদুল হক, কে এস নেটওয়ার্কের নাজমুল করিম ভূঁইয়া, চিটাগাং টেলিকম সার্ভিসের মো. আনোয়ারুল আজিম, ইউনিফাইড কোরের এস এম জাকির হোসাইন, বিসিএল অনলাইন সার্ভিসের এ এম কামাল উদ্দীন আহমেদ সেলিম, ইনফোলিংকের সাকিফ আহমেদ, ট্রায়াঙ্গাল সার্ভিসেসের মোহাম্মদ এ কাইউম রাশেদ, অন্তরঙ্গ ডট কমের মো. আসাদুজ্জামান এবং সার্কেল নেটওয়ার্কের মাহবুব আলম।

অপরদিকে সহযোগীতে প্রার্থী হয়েছেন- ফ্রিডম অনলাইনের মো. আরমান হোসেন, ডিজিটাল কমিউনিকেশনের মোহাম্মদ আলমগীর হোসেন এবং এম.এস জুবায়ের আইটি এক্সপার্টের মো. জুবায়ের ইসলাম, ইউনিক নেটের মাসুদ রানা জীবন, তুহিন এন্টারপ্রাইজের রাইসুল ইসলাম তুহিন, দি উইনার আইটির মো. অহিদ উল্লাহ স্বপন এবং গ্রীণ ব্রডব্যান্ড নেটওয়ার্ক সার্ভিসের দিপংকর বড়ুয়া শিমুল,স্পীড টেক অনলাইনের মো. নাছির উদ্দীন, সান অনলাইনের মোহাম্মদ আনোয়ার হোসেন, ফিসা কমিউনিকেশনের ফুয়াদ মুহাম্মদ শরফুদ্দিন এবং দি টি নেটওয়ার্কের মো. মাহামুদুল হাসান।